ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ, একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে।
সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২ এপ্রিল একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানকে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এর জবাবে ইরান হামলার তীব্রতা বৃদ্ধি করেছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবের সত্যতা বা বিষয়টি নিশ্চিত করার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ শেষের লক্ষ্যে ওয়াশিংটন ইরানের নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে এবং তাদেরকে বিচক্ষণ বলে অভিহিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার যুক্তরাষ্ট্রের দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেরিত বিভিন্ন মীমাংসা প্রস্তাব ‘অযৌক্তিক’ হিসেবে প্রমাণিত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি সম্প্রতি আল-জাজিরাকে জানান, তেহরান ও যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাবের কোনো সাড়া দেয়নি এবং তাদের সঙ্গে আলোচনায় বসার কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, চলমান যোগাযোগকে আনুষ্ঠানিক আলোচনার পরিবর্তে কেবল বার্তা বিনিময় হিসেবে দেখা হচ্ছে। আরাঘচি জানিয়েছেন, তেহরান ‘যুদ্ধবিরতিতে রাজি হবে না’ এবং ‘এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান’ চায়। ফার্স নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ার সময়ই প্রস্তাবটি এসেছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক গুদামে হামলার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। এতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক ঘাঁটিসহ উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ