সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে হাওরের বাঁধ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, ১৪৪ ধারা জারি

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়েছে। চারটি গ্রামের সশস্ত্র লোকজন আইন অমান্য করে বাঁধটি কেটে দিলে হাওরে দ্রুত পানি ঢুকতে শুরু করেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকালে মোহনপুর ইউনিয়নে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যখন পরিস্থিতি নিয়ে একটি সভা চলছিল, ঠিক সেই সময় ছনুয়ার হাওর পাড়ের একদল লোক সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ ডাকুয়ার হাওরের বাঁধে হামলা চালায়। তারা পরিকল্পিতভাবে বাঁধটি কেটে দিলে বিশাল এলাকা প্লাবিত হতে শুরু করে। এসময় স্থানীয় কৃষকরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহত ২০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় নতুন করে সংঘাত এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুনামগঞ্জ সদর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এসও) খায়রুল আলম বলেন, “বাঁধ কেটে দেওয়ায় ডাকুয়ার হাওর দ্রুত সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ পানি ভরে উঠছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে কৃষকদের হাড়ভাঙা খাটুনির বোরো ধান পুরোপুরি তলিয়ে যাবে।”

স্থানীয় কৃষকরা জানান, হাওরের ধান এখন প্রায় কাটার উপযোগী। সারা বছরের একমাত্র অবলম্বন এই ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা দ্রুত বাঁধ মেরামত এবং এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারা জারির মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা চলছে এবং বাঁধ কাটার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন ও বাঁধ পুনঃনির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন