সাভারে শ্রমিক আন্দোলনের সহিংসতায় আহত মাদারীপুরের তরুণ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ণ
সাভারে শ্রমিক আন্দোলনের সহিংসতায় আহত মাদারীপুরের তরুণ শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহিত

নাজমুল হাসান, মাদারীপুর: সাভারে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুরুতর আহত হয়ে টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সেলিম হাওলাদার (২২) নামের এক তরুণ শ্রমিক। গতকাল সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে চলছে শোকের মাতম। সন্তানহারা মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের রহিম হাওলাদার ও সেলিনা বেগমের ছেলে সেলিম হাওলাদার। অভাবের সংসারে হাল ধরতে প্রায় ২০ বছর ধরে পরিবারসহ ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছিলেন তাঁরা। সেলিম সাভারের ‘ট্রেন্ট সুজ’ নামের একটি জুতা কারখানায় মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতনে কাজ করতেন।

স্বজনদের অভিযোগ, গত ৪ নভেম্বর দুপুরে কারখানার কাজ শেষ করে সহকর্মীদের সঙ্গে বাসায় ফিরছিলেন সেলিম। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে অন্য একটি পোশাক কারখানার একদল উচ্ছৃঙ্খল শ্রমিকের মারধরে গুরুতর আহত হন নিরপরাধ সেলিম।

স্থানীয় ও সহকর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা ১২ দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেলিমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে রাতে মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের উত্তর কানাইপুরে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। যে ছেলেকে ঘিরে বৃদ্ধ মা-বাবার ছিল হাজারো স্বপ্ন, সেই সন্তানের কবর জড়িয়ে ধরে বারবার মূর্ছা যাচ্ছেন মা সেলিনা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাবা রহিম হাওলাদারও শোকে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

কর্মস্থল থেকে ফেরার পথে একজন নিরীহ শ্রমিকের ওপর এমন নৃশংস হামলা ও মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেলিমের স্বজন ও এলাকাবাসী। তাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।