জ্ঞান ফিরতেই দেখি টিনের ঘরে বন্দি, এরপর যেভাবে পালাল স্কুলছাত্র
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে মুখে স্প্রে করে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটির দাবি, জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি টিনের ঘরে বন্দি অবস্থায় দেখতে পায় এবং সেখানে আরও কয়েকটি স্কুলব্যাগের পাশাপাশি কয়েকজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। একপর্যায়ে কৌশলে টিনের দরজার ফাঁক দিয়ে বেরিয়ে পালিয়ে নিরাপদে বাড়ি ফেরে শিশুটি।
গত রোববার (১৫ নভেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ কথিত ঘটনাস্থলগুলো পরিদর্শন করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
ভুক্তভোগী শিশুটির নাম তাহমিদ। সে ‘কুষ্টিয়া স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনাল’-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং মতিউর রহমানের ছেলে। পরিবারের সঙ্গে সে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ, পরিবার ও শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, রোববার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাহমিদের মুখে স্প্রে করে তাকে একটি গাড়িতে তুলে নেয়। এরপর কী ঘটেছিল, তা সে মনে করতে পারছে না। পরবর্তীতে জ্ঞান ফিরে নিজেকে একটি টিনের ঘরে আটকে থাকতে দেখে তাহমিদ। তার দাবি অনুযায়ী, ওই ঘরের ভেতরে আরও কয়েকটি স্কুলব্যাগ ও কয়েকজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সে; এমনকি সেখানে রক্ত ও ধারালো ছুরির মতো বস্তুও দেখতে পেয়েছিল বলে জানিয়েছে শিশুটি।
তাহমিদের ভাষ্যমতে, ভীতিকর ওই পরিস্থিতিতে একপর্যায়ে সুযোগ বুঝে টিনের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসে সে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার পিছু ধাওয়া করলেও তাদের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে পালিয়ে নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হয় শিশুটি।
নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তাহমিদ জানায়, "আমার কিছু মনে নেই। আমাকে মুখে স্প্রে করে দেয়। জ্ঞান ফেরার পর দেখি, আমি একটি টিনের ঘরে আটকে আছি। সেখানে আরও কয়েকটি ব্যাগ ও কয়েকজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখানে রক্ত ও ছুরির মতো ধারালো জিনিস ছিল। এরপর কী হয়েছে, তা আর মনে করতে পারছি না।"
শিশুটির বাবা মতিউর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমার ছেলের সঙ্গে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই। যারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।"
এদিকে জানা গেছে, গত ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকায় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকারসহ কয়েকজন শিল্পীকে নিয়ে একটি শুটিং ইউনিট কাজ করছে। শুটিংকে কেন্দ্র করে সেখানে বিপুল মানুষের উপস্থিতি ও পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ওই একই এলাকার আশপাশে শিশুটিকে আটকে রাখার অভিযোগ ঘিরে জনমনে ব্যাপক উদ্বেগ ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির দেখানো স্থানসহ রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এলাকার বিভিন্ন জায়গা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। তবে শিশুটি যে স্থানটিকে আটকে রাখার জায়গা হিসেবে চিহ্নিত করেছে, সেখানে সাধারণত মানুষের যাতায়াত নেই বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "আমরা ইতিমধ্যে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি এবং থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রকৃত ঘটনা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। নিবিড় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"