বিছানাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
বিছানাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সীমানার প্রায় ২০০ গজ অভ্যন্তরে চলে আসার পর তাকে আটক করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীনস্থ বিছানাকান্দি বিওপির একটি বিশেষ টহল দল তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, আটককৃত বিএসএফ সদস্যকে বর্তমানে নিরাপদে বিজিবির নিজস্ব হেফাজতে রাখা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে একটি অস্ত্রও ছিল, যা বিজিবি জব্দ করেছে। আটকের পরপরই তাঁকে বিছানাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়।

সীমান্ত সূত্র জানায়, অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য আটকের পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে কার্যক্রমধীন রয়েছে।

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে একজন সশস্ত্র বিএসএফ সদস্যের অনুপ্রবেশ ও আটকের এই ঘটনায় স্থানীয় সীমান্ত এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি অত্যন্ত পেশাদারিত্ব ও গুরুত্বের সঙ্গে সমাধান করছে বলে জানা গেছে।