বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় বিশেষ অভিযান চালিয়ে এসআরবির সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর পরই এসআরবির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তরায় সংস্থাটির সদর দপ্তরে নিয়ে যান।
প্রাপ্ত তথ্যমতে, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, এর আগে গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।