আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন সংসদ সদস্য ইশরাক হোসেন

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
আ.লীগের বিষয়ে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিলেন সংসদ সদস্য ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক: নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের ধরে থানায় নিয়ে যেতে ওই এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে এই জরুরি নির্দেশনা জারি করেন।

ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে ইশরাক হোসেন লেখেন, "ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।"

এলাকার আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করণীয় সম্পর্কে তিনি পোস্টে উল্লেখ করেন, প্রত্যেক এলাকায় নিয়মিত মিছিল সহকারে পাহারা দেওয়ার জন্য স্থানীয় ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে হবে।

পোস্টের শেষাংশে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করে সংসদ সদস্য ইশরাক হোসেন আরও লেখেন, "কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাত-দিন এই কার্যক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।"

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রেক্ষাপটে ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের এই কঠোর বার্তা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।