ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের রুপালি ইলিশ ও মৎস্য খাতের প্রধান চালিকাশক্তি এখন গভীর সংকটে। জ্বালানি তেলের (ডিজেল) তীব্র অভাব ও অস্বাভাবিক দাম বাড়ার কারণে সাগরে যেতে পারছে না হাজার হাজার মাছ ধরার ট্রলার। এতে জেলার প্রায় ৬৫ হাজার নিবন্ধিত জেলে পরিবারের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) কক্সবাজারের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ও বাঁকখালী নদীর কূলে গিয়ে দেখা যায়, সারি সারি ট্রলার নোঙর করে আছে। সাগরে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও নেই শুধু প্রয়োজনীয় ডিজেল। চৌফলদণ্ডী এলাকার জেলে জাহাঙ্গীর আলম ও নুর আলম জানান, গত দুই সপ্তাহ ধরে তারা সাগরে যেতে পারছেন না। যেখানে এক ইঞ্জিনের নৌকায় দৈনিক ২-৩ লিটার এবং দুই ইঞ্জিনের ট্রলারে ৫-৬ লিটার ডিজেল লাগে, সেখানে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। মিললেও লিটারপ্রতি ২০-২৫ টাকা বেশি গুণতে হচ্ছে।
পাম্প মালিকদের দাবি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ কমেছে। তবে জেলেদের অভিযোগ, একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারিতে চড়া দামে তেল বিক্রি করছে। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জানান, জেলায় ৫ হাজার ২৫০টি নিবন্ধিত ট্রলার থাকলেও লোকসানের মুখে বর্তমানে সচল রয়েছে মাত্র ২ হাজার ২২টি। এই তেল সংকটে বাকি বোটগুলোও বন্ধ হওয়ার পথে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৬৪ হাজার ২১৫ জন। বর্তমানে স্থানীয় ফিলিং স্টেশনগুলোকে শুধুমাত্র নিবন্ধিত ১৭০০ ট্রলারকে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পেশা পরিবর্তন করেছেন, তাদের রেজিস্ট্রেশন বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের জন্য নতুন ‘জেলে কার্ড’ দেওয়া হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মান্নান বলেন, "বর্তমান বৈশ্বিক সংকটের কারণে চাহিদামতো তেল বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। আপদকালীন এই সংকট সামাল দিতে নিবন্ধিত বোটগুলোতে তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে সরবরাহ বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে।"
জ্বালানি সংকটের এই প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় মাছের বাজারেও। সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম। দ্রুত সমাধান না হলে এই অঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ