ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মুজিবুর রহমান, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত ১২টার দিকে উপজেলার চিৎলীয়া এলাকায় অবস্থিত 'হিরণ এন্টারপ্রাইজ' নামক প্রতিষ্ঠানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চিৎলীয়া এলাকায় হিরণ এন্টারপ্রাইজে হানা দেয় প্রশাসন। তল্লাশিকালে দোকানটিতে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ১৬০০ লিটার (৮ ড্রাম) ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত জ্বালানি তেল সরকারি জিম্মায় নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, "জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসা ও মজুদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ