ডোমারে মাদক ব্যবসায়ী ও চোর চক্রের হোতাসহ গ্রেপ্তার ৬
মোঃ মকবুলার (ডোমার, নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামি ও চোর চক্রের হোতাসহ বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডোমার থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসা, চুরি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ৬ জন অভিযুক্তকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—ডোমার পৌর এলাকার পূর্ব চিকনমাটি এলাকার আকবর আলীর ছেলে মাদক মামলার আসামি আশিকুর রহমান (৫৭), চিলাহাটি গাড়িয়ালপাড়া এলাকার ছুটু মামুদের ছেলে বুলবুল ইসলাম শুকুরু (২৮), ছোট রাউতা গুচ্ছগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে মানিক ইসলাম (৩০), ছোট রাউতা ভূজারীপাড়া এলাকার মৃত সুকুমার কর্মকারের ছেলে বকুল কর্মকার (২৮), খামার বামুনিয়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র রায় (৪৫) এবং সোনারায় ইউনিয়নের মোজাহারের ডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মারুফ ইসলাম (২৩)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার ছয়জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ ও মামলার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদক, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা