সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুলে দ্রুতগামী পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ফজরের নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আলীম ও ঠান্ডু মিয়া। পথিমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এআইএল/সকালবেলা