গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

মহিউদ্দিন আহমেদ (বিশেষ প্রতিবেদক, গাজীপুর): গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। এতে জেলা যুবদলের সভাপতি হিসেবে ইয়াছির আকরাম পলাশ ও সাধারণ সম্পাদক হিসেবে আবু তাহের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, মহানগর যুবদলে সভাপতি হয়েছেন সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ ইমরান রেজা।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেন।

ঘোষিত জেলা কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তপন খান, সহসভাপতি নাজিম সরকার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মণ্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

মহানগর কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মাহমুদ হাসান রাজু। সহসভাপতি করা হয়েছে মোহাম্মদ ফয়সল হোসেন ও নাজমুল খন্দকার সুমনকে। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মণ্ডল।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা ও মহানগর—দুই কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

নতুন নেতৃত্ব ঘোষণার পর গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক তৎপরতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই নতুন নেতৃত্বের সামনে প্রধান চ্যালেঞ্জ।

এআইএল/সকালবেলা