খুলনা নগর ভবনে বোমা হামলাকারী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলী অপি নগরীর অগ্রণী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি লোকমান হোসেন জানান, নগর ভবনে পেট্রোল বোমা হামলার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, সেটিসহ আলী অপিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁকে থানায় রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হামলার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা খুলনা নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় ভবনের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের নিরাপত্তা সুপার আলমগীর বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এআইএল/সকালবেলা