কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

কমলগঞ্জে প্রবাসীর অর্থায়নে ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন এক প্রবাসী ও স্থানীয় এলাকাবাসী। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রবাসী আম্বর আলীর বাড়ি পর্যন্ত সড়কটিতে ইট ও বালি ফেলে চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে এই সড়কে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন কাজ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে যায়। বিশেষ করে অসুস্থ রোগী, গর্ভবতী নারী কিংবা মৃতদেহ বহনে চরম বিড়ম্বনায় পড়তে হতো গ্রামবাসীকে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরের নজর না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

এমতাবস্থায় জনদুর্ভোগ লাঘবে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন প্রবাসী আম্বর আলী। তার অর্থায়নে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু হলে এলাকায় স্বস্তি নেমে আসে। সংস্কার কাজে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো. তাজ মিয়া, বারিক মিয়া, আসকর মিয়া এবং রহিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক শেখ মো. মুজাহিদ মিয়া, হাফেজ মাওলানা আব্দুছ সালাম, আব্দুল মতিন, দুলাল মিয়া ও সাইদুল মিয়াসহ জগন্নাথপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “ব্যক্তি উদ্যোগে ও এলাকাবাসীর এই স্বেচ্ছাশ্রমের কাজ অত্যন্ত প্রশংসনীয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং সড়কটি স্থায়ীভাবে পাকা করার জন্য দ্রুত দাপ্তরিক উদ্যোগ গ্রহণ করা হবে।”

গ্রামবাসীর দাবি, এটি একটি গুরুত্বপূর্ণ জনসড়ক হওয়ায় কেবলমাত্র সংস্কার নয়, দ্রুত স্থায়ীভাবে পাকাকরণের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন