ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরও এক বন্ধু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত পরিদর্শক মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ১. মো. রিসান (১৯): ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা। ২. মো. আরাফাত (২১): একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম মো. সানি (১৯), তিনি মুক্তারকুল এলাকার বাসিন্দা। নিহত ও আহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং একই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন জানান, দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে দরগা এলাকা থেকে বাংলাবাজার স্টেশনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সানির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপভ্যানের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। নিহত দুই বন্ধুর মরদেহ বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ