চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে টানা মাঝারি ধরনের তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৫° সেলসিয়াস। জেলাটিতে টানা তিনদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত বৃহস্পতিবার জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫° সেলসিয়াস। গতকাল শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৩৯.৭° সেলসিয়াসে, যা ছিল চলতি মৌসুমের সর্বোচ্চ। আজ শনিবারও ৩৮.৫° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে চুয়াডাঙ্গা দেশের উষ্ণতম স্থান হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে বাতাসের আর্দ্রতা কম থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

তীব্র তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে লোকসমাগম কমে গেছে। প্রখর রোদে শরীর ঝলসে যাওয়ার মতো অবস্থায় নির্মাণ শ্রমিক, রিকশাচালক ও কৃষকরা কাজ করতে হিমশিম খাচ্ছেন। অনেকে অসুস্থ হয়ে পড়ায় কাজ অসমাপ্ত রেখেই বাড়ি ফিরছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

কৃষক আব্দুল আলিম বলেন, "সকাল ৭টায় মাঠে এসেছিলাম। প্রখর রোদে কাজ করা অসম্ভব হয়ে পড়ায় বেলা ১১টার মধ্যেই বাড়ি ফিরতে হচ্ছে।" মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম জানান, বাতাসের ঝাপটায় মনে হচ্ছে আগুনের হলকা গায়ে লাগছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মোঃ আলতাফ হোসেন জানান, এই মাঝারি তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা কম, বরং সামনের দিনগুলোতে পারদ আরও চড়তে পারে।

তীব্র গরমে হিটস্ট্রোক ও ডিহাইড্রেশন এড়াতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে প্রচুর পানি পান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন