কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মোটর পাম্প দিয়ে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন নয়ন (৪৫) নামের এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন (৮নং ওয়ার্ড) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন নয়ন নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন এলাকার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পলাশপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মেম্বারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে নয়ন নিজের পুকুরে মোটর পাম্পের সাহায্যে পানি সেচের কাজ করছিলেন। সেচ কাজ শেষ করে পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ভেবে তিনি বৈদ্যুতিক তার গোছাতে যান। এসময় অসাবধানতাবশত শর্ট সার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রিয় নেতার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমান। নয়নের অকাল প্রয়াণে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন