পোপের সঙ্গে বিরোধ: এবার ‘বাইবেল পাঠ’ করবেন ট্রাম্প

পোপের সঙ্গে বিরোধ: এবার ‘বাইবেল পাঠ’ করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে একটি 'বাইবেল পাঠ' অনুষ্ঠানে অংশ নেবেন। ট্রাম্প প্রশাসন এখন সরকারি কার্যক্রমে, বিশেষ করে খ্রিস্টধর্মকে কেন্দ্র করে ধর্মীয় দিকগুলো আরও যুক্ত করছে বলে জানা গেছে।

আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (ইস্টার্ন টাইম) ভিডিও বার্তার মাধ্যমে ট্রাম্প বাইবেলের একটি অংশ পাঠ করবেন। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে 'আমেরিকা রিডস দ্য বাইবেল'। 

আয়োজকদের মতে, ট্রাম্প যে অংশটি পাঠ করবেন তা বাইবেলের ২ ক্রনিকলস ৭:১১-২২ থেকে নেওয়া। এদিকে এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প সম্প্রতি পোপ লিও'র সঙ্গে বিবাদে জড়িয়েছেন। পোপ লিও সম্প্রতি আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব সমালোচকে পরিণত হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে চালানো আগ্রাসন থেকে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বিশ্বনেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন।

ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে পোপ লিও বলেন, বিশ্ব এখন মুষ্টিমেয় স্বৈরশাসকের কারণে ধ্বংসের মুখে পড়ছে। তিনি যুদ্ধের পক্ষে ধর্মকে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেন। ইরান পরিস্থিতি নিয়ে পোপের মন্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, 'আমরা এমন পোপ পছন্দ করি না যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে এমন কথা বলেন।' জবাবে পোপ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে 'ভয়' পান না। পাল্টাপালটি এমন মন্তব্যের পর পরিস্থিতি অনেকটা জটিল হয়ে ওঠে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন