ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে মাসব্যাপী জাতীয় হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। ২০ মে ২০২৬ পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে মহানগরীর ৩৩টি ওয়ার্ডের শিশুদের টিকার আওতায় আনা হবে।
রংপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১৪ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে। ৩৩টি ওয়ার্ডে মোট ২৮০টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ৩৮টি ভ্রাম্যমাণ টিম একযোগে কাজ করবে। এবার সিটির মোট ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
টিকাদান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন উপস্থিত ছিলেন। তিনি বলেন, "হাম-রুবেলা নির্মূলে টিকাদান কার্যক্রম সফল করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচারণার মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে কোনো শিশুই টিকার আওতা থেকে বাদ পড়বে না।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা গ্রহণের পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এমন পরিস্থিতিতে অভিভাবকদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ