ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় সেফটি ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ বাজার সংলগ্ন পাটিহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। তিনি ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নেকমরদ পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনের ছাদের শাটারিং খোলার কাজ করছিলেন শ্রীকান্ত। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি পাশে থাকা গভীর সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যান। ট্যাংকের বিষাক্ত গ্যাস বা ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রীকান্তকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ