প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দুই পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল

জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সময়োপযোগী হস্তক্ষেপে বগুড়ার শিবগঞ্জে গুজিয়া উচ্চ বিদ্যালয় ও গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র দুটি পুনরায় নিজ নিজ প্রতিষ্ঠানে বহাল করা হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে, গুজিয়া, মোকামতলা ও ময়দানহাট্টাসহ আশপাশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এই দুটি কেন্দ্রে পরীক্ষা দিয়ে আসছিল। তবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে হঠাৎ কেন্দ্র দুটিকে উপজেলা সদরে স্থানান্তর করা হয়। যাতায়াত ও আনুষঙ্গিক ভোগান্তির আশঙ্কায় এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

কেন্দ্র স্থানান্তরের বিষয়টি স্থানীয় অভিভাবক ও সচেতন মহল প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দৃষ্টিগোচর করেন। জনস্বার্থ ও পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত আদেশে আজ ১৯ এপ্রিল কেন্দ্র দুটিকে আগের অবস্থানে পুনর্বহালের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

পরীক্ষা কেন্দ্র নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে আসায় গুজিয়া এলাকাসহ সংশ্লিষ্ট গ্রামগুলোতে খুশির জোয়ার বইছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দূরবর্তী উপজেলা সদরে গিয়ে পরীক্ষা দেওয়া তাঁদের জন্য ছিল অত্যন্ত দুশ্চিন্তার। প্রতিমন্ত্রীর এই কার্যকর পদক্ষেপে সেই উদ্বেগের অবসান ঘটল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন