আদম ব্যবসায়ীর প্রতারণায় ৩ পরিবার সর্বস্বান্ত

আদম ব্যবসায়ীর প্রতারণায় ৩ পরিবার সর্বস্বান্ত

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তিনটি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই আদম ব্যবসায়ীর বিরুদ্ধে। প্রতারণার শিকার হয়ে ওই পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় ভুক্তভোগীরা রাজশাহীর আদালতে একাধিক মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার ঝিকরা ইউনিয়নের সেউজবাড়ী গ্রামের ফজলুর রহমান ও তাঁর ছেলে জাকারিয়া ইসলাম সুমন একই গ্রামের জাহিদুল ইসলাম, জাহিদ হাসান শেখ এবং শাহিনুর ইসলামের পরিবারের কাছ থেকে বিদেশ পাঠানোর নামে জনপ্রতি ৫ লাখ ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেন। সচ্ছলতার আশায় পরিবারগুলো জমি বিক্রি ও ধারদেনা করে এই টাকা জোগাড় করেছিল।

ভুক্তভোগীরা জানান, টাকা নেওয়ার পর ফজলুর রহমানের ছেলে সুমনের মাধ্যমে তাঁদের কম্বোডিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর একটি হোটেলে রেখে তাঁদের একটি চীনা কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে সুমন দেশে ফিরে আসেন। ওই কোম্পানিতে তাঁদের পর্যাপ্ত খাবার না দিয়ে অমানবিক পরিবেশে কাজ করতে ও নির্যাতন সহ্য করতে বাধ্য করা হয়। পরে কম্বোডিয়ায় অবস্থানরত অন্যান্য বাংলাদেশিদের সহযোগিতায় তাঁরা দেশে ফিরে আসতে সক্ষম হন।

অভিযোগ রয়েছে, সন্তানদের দেশে ফিরিয়ে আনার কথা বলে ফজলুর রহমান ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে পুনরায় অতিরিক্ত অর্থ নিলেও তাঁদের ফেরানোর কোনো উদ্যোগ নেননি। বর্তমানে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত ফজলুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন