ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বসতবাড়ির চারটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটির প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
আগুনের শিখা দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আব্দুর রহিমের চারটি ঘরসহ সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব আব্দুর রহিমের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় এলাকাবাসী এই অসহায় পরিবারটির পুনর্বাসনের জন্য প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ