আলীকদমে স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান

আলীকদমে স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান

ইয়াকুব আলী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: পার্বত্য ও জঙ্গলাকীর্ণ অঞ্চলে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের আলীকদম সেনানিবাসে নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) সেনাপ্রধান আলীকদম সেনানিবাস পরিদর্শনকালে এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই স্কুলের বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জন করতে পারবে। যা পাহাড়ি ও দুর্গম জনপদে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পরিদর্শনকালে সেনাপ্রধানের সাথে জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বান্দরবান রিজিয়ন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন