মণিরামপুরে চালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

মণিরামপুরে চালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক ট্রলি চালককে অপহরণ করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মাটি কাটা সিন্ডিকেটের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের নিজ বাসা থেকে ট্রলি চালক কামরান হোসেনকে (২২) অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এরপর তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে চুরির মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।

হাসপাতালে চিকিৎসাধীন কামরান হোসেন জানান, তিনি একজন সাধারণ দিনমজুর এবং সম্পূর্ণ নির্দোষ। পরিকল্পিতভাবে চোর সাজিয়ে তাঁকে নির্যাতন করা হয়েছে। তাঁর মা ও মামলার বাদী তহমিনা বেগম অভিযোগ করেন, "অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমার ছেলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা এই অমানবিক কাণ্ড ঘটিয়েছে।"

মামলায় মাহাবুব রহমান রাজু, মওদুদ ওরফে মধু, শান্ত ইসলাম এবং পলাশ হোসেনসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। 

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, ভুক্তভোগীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গুরুত্বের সাথে তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন