উত্তপ্ত তারাকান্দা-ফুলপুরের রাজনীতি, ১৪৪ ধারা জারি

উত্তপ্ত তারাকান্দা-ফুলপুরের রাজনীতি, ১৪৪ ধারা জারি

মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-২ আসনে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপির এক শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারিকৃত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত এবং অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ কোন্দল এবং সম্প্রতি পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে কোলাকুলি করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এই উত্তেজনার সূত্রপাত। আজ যুবদলের এক পক্ষ বিক্ষোভ মিছিলের ডাক দিলে প্রতিপক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসন কঠোর অবস্থান নেয়।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার অভিযোগ করেছেন, স্থানীয় সংসদ সদস্যের অনুসারী ও একটি ষড়যন্ত্রকারী মহল তাঁকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাঁর ছবি সম্বলিত বিকৃত ফটোকার্ড ও ভুয়া বহিষ্কার আদেশ ছড়িয়ে সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মাহমুদুল্লাহ। তিনি জানান, এই ঝামেলার সাথে তাঁর বা তাঁর অনুসারীদের কোনো সম্পৃক্ততা নেই এবং তিনিও প্রপাগান্ডার শিকার হচ্ছেন। তাছাড়া আজকের (১৯ এপ্রিল) ঝামেলা আমাদের সঙ্গে না, গত কয়েকদিন আগে বিএনপির যারা আমাদেরকে মারপিটের হাত থেকে বাঁচিয়ে ছিলো। তাদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারী হয়েছে, তারা যুবদলের লোক। আমাদের কোন লোক এতে জড়িত না। মূলত ওই ঘটনার প্রতিবাদে আজ (১৯ এপ্রিল) তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষনা করে শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষনা করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো: কামরুল হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন