কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের সাথে মনোতোষ ঘটকের দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তাঁর স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন মনোতোষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে লাশের শরীরে প্রাথমিক নজরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনার পর অভিযুক্ত গৌরাঙ্গ ঘটক ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছেন। 

কোটালীপাড়া থানার এসআই উত্তম সেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে হত্যার অভিযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন