সোনারগাঁওয়ে যৌথ অভিযানে গ্রেনেড উদ্ধার

সোনারগাঁওয়ে যৌথ অভিযানে গ্রেনেড উদ্ধার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌর এলাকার লাহাপাড়ায় একটি ভবনে অভিযান চালিয়ে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ৭টি গ্রেনেড ও বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও পুলিশ। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলার হাটখোলা এলাকা থেকে একটি ভোজ্য তেলের গাড়ি ডাকাতি হয়। সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই ডাকাতি হওয়া তেলের খোঁজে সোনারগাঁওয়ের লাহাপাড়ার একটি ছয়তলা ভবনের নিচতলায় আজিজুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালায় নরসিংদী সার্কেলের এএসপি সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে যৌথ দল।

অভিযানকালে ওই বাসা থেকে ডাকাতি হওয়া তেল উদ্ধারের পাশাপাশি ৭টি গ্রেনেড (সাউন্ড ও গ্যাস গ্রেনেড), পুলিশের ব্যবহৃত বেটন এবং হেলমেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গ্রেনেড ও সরঞ্জামাদি ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া সরকারি সম্পদ।

বাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হামছাদি এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুল ইসলাম ওই ভবনটি ভাড়া নিয়ে বিভিন্ন কোম্পানির পাইকারি মালামালসহ তেলের ব্যবসা করতেন। প্রকৃতপক্ষে তিনি ডাকাত দলের সাথে সম্পৃক্ত এবং লুণ্ঠিত মালামাল কেনাবেচার মাধ্যমে নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন।

অভিযুক্ত আজিজুল ইসলাম বর্তমানে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ উদ্ধারকৃত মালামাল জব্দ করেছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন