কোটালীপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

কোটালীপাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এই মেলা শুরু হয়।

দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্টের খোঁজখবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানায়, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলা এবং তাঁদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের তৈরি নানা ধরনের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক মডেল প্রদর্শন করছে। দু’দিনব্যাপী এই মেলা ও অলিম্পিয়াড আগামীকাল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন