আসামি গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

আসামি গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল নগরীতে চিহ্নিত মাদক কারবারি ও ব্যবসায়ী লিটু হত্যা মামলার আসামি মিল্টনকে গ্রেপ্তারের দাবিতে কাউনিয়া থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর নতুন বাজার ও বাগানবাড়ি এলাকার কয়েকশ নারী-পুরুষ এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীদের দাবি, নগরীর বাগানবাড়ি এলাকার বাসিন্দা মিল্টন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ব্যবসায়ী লিটু হত্যা মামলায় গ্রেপ্তারের পর সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। এলাকাবাসীর অভিযোগ, জামিনে মুক্তির পর মিল্টন আরও বেপরোয়া হয়ে উঠেছেন এবং আগের চেয়ে বেশি উৎপাত শুরু করেছেন। তাঁর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ থানায় একাধিকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে তাঁরা দাবি করেন।

বিক্ষোভের মুখে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সুনির্দিষ্ট কোনো অপরাধের অভিযোগ বা নতুন মামলা হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিক্ষোভকারীরা জানান, দ্রুততম সময়ের মধ্যে এই চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করা না হলে তাঁরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন। এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন