চা শ্রমিকরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

চা শ্রমিকরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৮টি চা বাগানের অসচ্ছল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৬৬৮ জন শ্রমিককে এই সহায়তার আওতায় আনা হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রত্যেক শ্রমিক জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা করে ভাতা পাবেন। ১৮টি বাগানের জন্য সর্বমোট ৩ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানে ভাতার তালিকা যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি তাঁর বক্তব্যে বলেন, "নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই ভাতা তারই একটি অংশ। পর্যায়ক্রমে বাকি শ্রমিকদেরও এই সহায়তার আওতায় আনা হবে।"

অনুষ্ঠানে চা শ্রমিকদের পক্ষে আদিবাসী নেতা নারায়ণ কর্মী নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি শিক্ষা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন