ডাসার রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

ডাসার রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে উৎসবমুখর পরিবেশে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৪র্থ বাৎসরিক সম্মেলন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথুরিয়ারপার মীর সেকান্দর আলী সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান সভাপতি এবং খান মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন ও ঘোষণা দেন।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক ইভিনিং নিউজ-এর সম্পাদক এবিএম সেলিম আহমেদ এবং মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতো। আপনাদের কলম সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চলতে হবে। আমার কোনো ভুল দেখলেও তা নির্ভয়ে তুলে ধরবেন।” তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, “মাননীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা এবং বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।”

অনুষ্ঠানে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি শফিক স্বপন, রাজৈর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সনেটসহ মাদারীপুর, রাজৈর ও আগৈলঝাড়া এলাকার প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান উদ্দিন রুবেল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন