ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর রাস্তার পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করার সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তানভীর ইসলাম আরিয়ান (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর দিনাজপুর জেলার সজল ইসলামের ছেলে। সে শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার পরিবার কেওয়া বাজার সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর তানভীর তার বন্ধুদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কলমউদ্দিন চেয়ারম্যানের বাড়ির কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে সে তার বাবার জন্য অপেক্ষা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সামনে থাকা একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান হঠাৎ পেছনের দিকে (ব্যাক গিয়ারে) আসতে শুরু করলে তানভীর গাড়ির নিচে চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছেলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা সজল ইসলাম। তিনি জানান, আরিয়ান প্রতিদিনের মতো আজও তাঁর অপেক্ষায় ছিল, কিন্তু একটি অসতর্ক কাভার্ডভ্যান তাঁর বুক খালি করে দিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ