ডোমারে শিক্ষক-স্বাস্থ্যকর্মীদের জন্য জ্বালানি সরবরাহ

ডোমারে শিক্ষক-স্বাস্থ্যকর্মীদের জন্য জ্বালানি সরবরাহ

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষকদের পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের যাতায়াত সুবিধার্থে বিশেষ জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে ডোমার উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে ডোমার উপজেলার একটি নির্ধারিত ফিলিং স্টেশন থেকে এই বিশেষ জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হবে। মূলত পরীক্ষা চলাকালীন শিক্ষকদের সময়মতো কেন্দ্রে উপস্থিতি এবং স্বাস্থ্যকর্মীদের ক্যাম্পেইনে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশেষ এই জ্বালানি সেবা পেতে সংশ্লিষ্টদের নির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে চলতে হবে: সংশ্লিষ্ট শিক্ষক বা সেবাকর্মীকে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সঙ্গে রাখতে হবে। ফিলিং স্টেশনে দায়িত্বরত ট্যাগ অফিসারের কাছে সেই প্রত্যয়নপত্র প্রদর্শন করে জ্বালানি সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদের কাছেই এই তেল সরবরাহ করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজপত্রসহ শৃঙ্খলার সাথে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন