‘অপরাধ করলে কেউ রেহাই পাবে না’

‘অপরাধ করলে কেউ রেহাই পাবে না’

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শ্যামল মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ, সহ-সভাপতি শফিকুর ইসলাম বাদল, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোজাম্মেল হক জোয়াদ্দার এবং সহ-সভাপতি মিজানুর রহমান স্বপনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মাদককে একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক দেন। উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ তাঁর বক্তব্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “অপরাধী যদি আমার দলেরও হয় কিংবা যতই প্রভাবশালী হোক—তাকে আইনের আওতায় আনতেই হবে। কোনো অবস্থাতেই অপরাধীর পক্ষে দাঁড়ানো যাবে না।”

কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক পরিচয় এখানে কোনো বিষয় নয়—আমার কাছে অপরাধী শুধু অপরাধীই। অপরাধ করলে কেউ রেহাই পাবে না। আমি সত্য ও ন্যায়ের পথে আছি এবং থাকব।” তিনি মাদক ব্যবসা ও এর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের ঘোষণা দেন।

ওপেন হাউজ ডে-তে সাধারণ মানুষ সরাসরি মাদক, চুরি, ছিনতাই এবং কিশোর অপরাধ নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন