বুবলীর কলকাতার প্রথম সিনেমা মুক্তি কবে, জানালেন নির্মাতা

বুবলীর কলকাতার প্রথম সিনেমা মুক্তি কবে, জানালেন নির্মাতা

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির আলো দেখতে যাচ্ছে ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। দুই বছর আগে শুটিং শেষ হলেও বিভিন্ন কারণে ছবিটির মুক্তি পিছিয়েছিল। সম্প্রতি নির্মাতা রাশেদ রাহা নিশ্চিত করেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মে মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বুবলীর। বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা পরিচালিত এই ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তির পাশাপাশি বাংলাদেশেও মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

সিনেমার প্রেক্ষাপট ও চরিত্র: ‘ফ্ল্যাশব্যাক’ একটি থ্রিলারধর্মী সিনেমা। এতে বুবলীকে দেখা যাবে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলী এবং অভিনেতা সৌরভ দাস। কৌশিক গাঙ্গুলী অভিনয় করেছেন ‘অঞ্জন’ চরিত্রে এবং সৌরভ দাসকে দেখা যাবে ‘ডিকে’ চরিত্রে। ভিন্ন জীবনধারার তিন মানুষের গল্প একসময় পাহাড়ের এক জনপদে গিয়ে মিলে যায়, সেখান থেকেই শুরু হয় মূল রোমাঞ্চ। চিত্রনাট্য লিখেছেন খাইরুল বাসার নির্ঝর।

দেশেও আসছে বুবলীর নতুন সিনেমা: কলকাতার সিনেমার খবরের পাশাপাশি দেশের ভক্তদের জন্যও রয়েছে সুখবর। আগামী ৮ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত লোকজ ঐতিহ্যনির্ভর সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় তার বিপরীতে আছেন জিয়াউল রোশান। রাখাল সবুজ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন