উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের উত্তর-পূর্বাঞ্চল ও হাওর অঞ্চলে নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। এতে বন্য পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং প্লাবিত হতে পারে নতুন নতুন জেলা। বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে।

পাউবোর সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদী জারিয়া জাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজার জেলার মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেলেও বর্তমানে নদীগুলো প্রাক-মৌসুমি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাউবো জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ অঞ্চলে আগামী ৩ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এর মধ্যে ৩য় দিনে কুশিয়ারা নদীর পানি প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে এবং সুরমা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীর পানির সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ২৪ ঘণ্টায় প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। খোয়াই ও জুড়ি নদী আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, যার ফলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি বা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন