ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের শেখপাড়ার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করে।
নিহত মুমতাহেনা অহনা গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।
রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল জানান, অহনা প্রায় এক বছর ধরে তার দোকানে কর্মরত ছিলেন। আজ সকালে তিনি দোকানে না আসায় তাকে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। দুপুরে স্থানীয়দের মাধ্যমে তার মৃত্যুর খবর পাওয়া যায়। বাড়ির মালিক জানান, এক শিশু অহনাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারকে জানালে তারা জানালা দিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় খবর দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অহনা বিবাহবিচ্ছিন্না ছিলেন এবং কয়েক দিন আগেই শেখপাড়ার এই বাড়িতে ভাড়া উঠেছিলেন। পারিবারিক কোনো কলহ বা হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ