ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দেশের স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে চাঁদপুর ও নীলফামারী জেলায় নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডেপুটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চাঁদপুর ও নীলফামারীতে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান: বর্তমানে দেশে মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। ২৩টি মেডিকেল কলেজে ৫০০ শয্যা বা তার বেশি ধারণক্ষমতাসম্পন্ন হাসপাতালের কার্যক্রম চালু আছে। যশোর, পাবনা, কক্সবাজার, নোয়াখালীসহ আরও ৮টি জেলায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণকাজ চলমান। মাগুরা, হবিগঞ্জ, নেত্রকোণা ও নওগাঁয় হাসপাতাল নির্মাণের জন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে।
স্বাস্থ্যখাতের পাশাপাশি আবাসন খাত নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে ‘গুচ্ছগ্রাম-৩ পর্যায়’ প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য পরিকল্পিত আবাসন সুবিধা সম্প্রসারণে কাজ করছে।
সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, দেশের স্বাস্থ্য ও আবাসন—উভয় খাতেই সরকার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ