ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের মামলায় দীর্ঘ প্রায় ২ বছর পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত প্রধান আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে (৩০) গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) মহানগরীর রাজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত মো. হাবিবুর রহমান ২০২৪ সালের আগস্ট মাসে একটি অজ্ঞাত নম্বর থেকে মেসেজ পান। সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ভিডিও রয়েছে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১৭ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।
বাদী হাবিবুর রহমান জানান, প্রাণনাশের ভয়ে তিনি সেদিন আসামিদের নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে আদালত চত্বরে এবং এমনকি আদালত কক্ষের ভেতরেও তাকে পুনরায় টাকার জন্য চাপ দেওয়া হয় এবং টাকা না দিলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় পেশকার হাবিবুর রহমান ২০২৪ সালের ২৯ অক্টোবর রাজপাড়া থানায় লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল এবং মো. লালুসহ (৩৫) অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পাভেল ও লালুকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এরপর থেকেই পাভেল পলাতক ছিলেন এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আসামিরা দীর্ঘদিন পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি পাভেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ