মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দুই দিনের টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধি পেয়েছে জেলার প্রধান চারটি নদ-নদীতে, যার মধ্যে জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজনগর উপজেলার পূর্ব নন্দীউড়া ও ভুজবল গ্রামে উদনা নদীসংলগ্ন এলাকাগুলো প্লাবিত হয়ে বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, আদমপুর ও পতনঊষার ইউনিয়ন এবং মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অনেক ঘরবাড়িতে পানি উঠেছে। কুলাউড়া ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চলেও একই পরিস্থিতি বিরাজ করছে। পানিবন্দি বাসিন্দারা জানান, রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বর্তমানে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জুড়ী নদে পানি বেশি। মনু ও ধলাই নদীর ছয়টি প্রতিরক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, গত সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, নদীর পানি বৃদ্ধির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, "ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের তালিকা করার জন্য সব উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গতদের জন্য চাল ও নগদ টাকা বরাদ্দের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন