বন্ধুকে মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বন্ধুকে মাছ দিতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বন্ধুর জন্য মাছ নিয়ে যাওয়ার পথে বজ্রপাতের কবলে পড়ে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় মৎস্যজীবী জাকির প্রতিদিনের মতো ভোরে কাছের বিলে মাছ ধরতে যান। মাছ ধরে ফেরার পর প্রতিবেশী এক ব্যক্তির কাছে মাছ বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে বাড়ি ফিরছিলেন। পথে বন্ধু শরীফের সাথে দেখা হলে তিনি কিছু মাছ কিনতে চান। বন্ধুর জন্য মাছ নিয়ে শরীফের বাড়ির দিকে রওনা দিলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। শরীফের বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্রই একটি বজ্রপাত সরাসরি জাকিরের ওপর আঘাত হানে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাকিরকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে জাকিরের স্বজনরা এখন দিশেহারা। এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বজ্রপাতজনিত এই মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন