ছাগলনাইয়ায় বন্দুক-কার্তুজসহ আটক ১

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ণ
ছাগলনাইয়ায় বন্দুক-কার্তুজসহ আটক ১

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৪টি কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পশ্চিম দেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে পশ্চিম দেবপুর গ্রামে ওবায়দুল হক মজুমদারের বাড়িতে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। র‍্যাবের একটি দল সেখানে পৌঁছালে ওবায়দুল পালানোর চেষ্টা করেন, তবে র‍্যাব সদস্যরা তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের ওপর বিশেষ কায়দায় লুকানো কাঠের বাটসহ প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি লম্বা একটি দেশীয় একনলা বন্দুক এবং ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বন্দুকটির বডি ও ব্যারেল লোহার তৈরি এবং এতে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। জব্দকৃত ৪টি কার্তুজের মধ্যে ৩টি নীল রঙের এবং ১টি লাল রঙের প্লাস্টিকের তৈরি, যার নিচের অংশে পিতলের ক্যাপ রয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (২৯ এপ্রিল) ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন