সুন্দরবনের পরিবেশ রক্ষায় বনজীবীদের কর্মশালা

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
সুন্দরবনের পরিবেশ রক্ষায় বনজীবীদের কর্মশালা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়নে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কাশিয়াবাদ স্টেশন সংলগ্ন সুতি বাজারে এই সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর ইকো প্রকল্পের সহযোগিতায় এবং ‘ইয়ুথ ফর দি সুন্দরবন’ কয়রা শাখার উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কয়রা উপজেলার বিভিন্ন অঞ্চলের জেলে ও বাওয়ালীসহ বিপুল সংখ্যক বনজীবী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী বনজীবীদের প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ, বর্জ্যের পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্যাগ ও পণ্যের ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। সুন্দরবনের নদী ও স্থলভাগে প্লাস্টিক বর্জ্য না ফেলার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কয়রা কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ.ব.ম আব্দুল মালেকের সভাপতিত্বে এবং রাসেল আহমেদের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. নাসির উদ্দীন। এছাড়া সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মোস্তাফিজুর রহমান এবং পরিবেশকর্মী নিরাপদ মুন্ডাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বনজীবীরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবনকে প্লাস্টিকমুক্ত রাখতে বনজীবীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন