কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ণ
কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে ‘মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) কোটালীপাড়া পৌরসভার হল রুমে এডাব (ADAB) গোপালগঞ্জ জেলা শাখা এই সেমিনারের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন। এডাব গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রেনুকা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাসসহ এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সেমিনারের এক পর্যায়ে প্রধান অতিথি সাগুফতা হক উপস্থিত এনজিও কর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন। বক্তারা তাদের বক্তব্যে মাদকের কুফল তুলে ধরেন এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন