সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো আম ধ্বংস

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো আম ধ্বংস

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো এক ট্রাক অপরিপক্ব গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) ভোরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে এই বিপুল পরিমাণ আম ভর্তি ট্রাকটি আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল যে কিছু অসাধু ব্যবসায়ী আম ক্যালেন্ডার অমান্য করে অপরিপক্ব আম রাসায়নিক মিশিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে চট্টগ্রামগামী একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকের চালক আলাউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার জিরোনগাছা থেকে ৩৫১ ক্যারেট গোবিন্দভোগ আম চট্টগ্রামের ফলমন্ডি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

বুধবার দুপুরে বিনেরপোতা এলাকার ডাম্পিং পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জব্দকৃত প্রায় ৯ হাজার কেজি আম ধ্বংস করা হয়। সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা এই কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, অসাধু উপায়ে অপরিপক্ব আম বাজারজাত করার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ ও গোলাপখাসসহ দেশীয় প্রজাতির আম বাজারজাত করতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। এর আগে কোনো আম বাজারজাত করা নিষিদ্ধ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন