হোটেল বুকিংয়ের সুবিধা চালু করল উবার

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
হোটেল বুকিংয়ের সুবিধা চালু করল উবার

অনলাইন ডেস্ক: উবার গ্রাহকরা এখন থেকে রাইড বুক করার মতোই সরাসরি অ্যাপের মাধ্যমে হোটেলও বুক করতে পারবেন। ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে হোটেল বুকিং ও কেনাকাটার জন্য একগুচ্ছ নতুন এআই (AI) ফিচার নিয়ে এসেছে বৈশ্বিক এই রাইড শেয়ারিং প্ল্যাটফর্মটি।

নতুন ফিচারের বিস্তারিত: বুধবার (২৯ এপ্রিল) উবারের বার্ষিক পণ্য প্রদর্শনী ‘গো-গেট’ ইভেন্টে এই নতুন আপডেটগুলো উন্মোচন করা হয়। রাত্রিযাপনের জায়গা খোঁজার সুবিধার্থে উবার বিশ্বখ্যাত ট্রাভেল প্ল্যাটফর্ম ‘এক্সপেডিয়া’র সঙ্গে অংশীদারিত্ব করেছে।

  • সরাসরি হোটেল বুকিং: উবার অ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘হোটেলস’ বাটনে ট্যাপ করে গ্রাহকরা এখন থেকে বিশ্বজুড়ে সাত লাখেরও বেশি হোটেলে বুকিং দেওয়ার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রে আজ শুক্রবার (১ মে) থেকেই এই সুবিধাটি চালু হয়েছে।

  • অ্যাড উবার ইটস: উবার রিজার্ভের মাধ্যমে ট্রিপ বুক করার পর গ্রাহক চাইলে ‘অ্যাড উবার ইটস’ অপশন ব্যবহার করে খাবার বা পানীয় অর্ডার করতে পারবেন। চালক গন্তব্যে যাওয়ার পথেই সেই খাবার সংগ্রহ করে নেবেন।

  • শপ ফর মি: এই ফিচারের মাধ্যমে উবার অ্যাপের তালিকায় নেই এমন দোকান থেকেও পণ্য কেনাকাটা করা যাবে। ব্যবহারকারী পণ্যের বিবরণ ও দোকানের নাম লিখে দিলে একজন শপার সেটি খুঁজে বের করবেন। প্রয়োজনে ব্যবহারকারী পণ্যের ছবিও যুক্ত করতে পারবেন।

উবার কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শপ ফর মি’ ফিচারের ক্ষেত্রে কুরিয়ার পণ্য কেনার আগে গ্রাহকের কাছ থেকে নিশ্চিত হয়ে নেবেন এবং গ্রাহককে দোকানের নির্ধারিত দামই পরিশোধ করতে হবে। মূলত একটি ‘ওয়ান-স্টপ’ সলিউশন হিসেবে নিজেদের অ্যাপকে গড়ে তুলতেই উবারের এই নতুন উদ্যোগ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন