ফরিদপুরে আইরিন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
ফরিদপুরে আইরিন হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে চাঞ্চল্যকর শিশু আইরিন আক্তার বিনা ওরফে কবিতা (৭) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (১ মে) সকালে ফরিদপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় গেরদা ইউনিয়নের বোকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর গত ৩০ এপ্রিল সকালে সদর উপজেলার বাখুন্ডা এলাকার একটি কলাবাগান থেকে শিশুটির পচাগলা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রধান অভিযুক্ত ইসরাফিল মৃধা (২৪) শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে এবং বিষয়টি সবাইকে বলে দেওয়ার ভয় দেখালে ইসরাফিল তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশটি লুকানোর জন্য একটি বাথরুমের সেফটি ট্যাংকে ফেলে রাখা হয়।

পরবর্তীতে নাছিমা বেগম (৪৫) বিষয়টি জানতে পেরে তার ছেলে শেখ আমিন (১৯) ও অন্য এক ছেলেকে দিয়ে সেফটি ট্যাংক থেকে লাশ তুলে প্লাস্টিকের ড্রামে করে রেললাইন সংলগ্ন কলাবাগানে ফেলে দেওয়ার নির্দেশ দেন। নাছিমা বেগমের পরিকল্পনাতেই মূলত লাশটি স্থানান্তরিত করা হয়।

কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ইসরাফিল মৃধা, শেখ আমিন ও নাছিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন