নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে শ্রমিক ও নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটিই তার প্রথম মে দিবসের শ্রমিক সমাবেশ।

শুক্রবার (১ মে) আনুষ্ঠানিকভাবে দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার শিল্প-কারখানার শ্রমিকরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। ব্যানার, ফেস্টুন, লাল ক্যাপ ও টি-শার্ট পরে শ্রমিকরা তাদের অধিকার প্রতিষ্ঠায় নানা স্লোগান দেন। সমাবেশের শুরুতেই জাসাস শিল্পীদের বিপ্লবী গান পরিবেশনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নয়াপল্টন থেকে ফকিরাপুল, পল্টন ও কাকরাইল পর্যন্ত দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। তিনি বলেন, “আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেই এই সমাবেশের গুরুত্ব অনেক বেশি। আমরা স্মরণকালের শ্রেষ্ঠ জনসমাগমের প্রত্যাশা করছি।”

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল উত্তরমুখী মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি শোভা পাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন