মৌলভীবাজারে পানি কমলেও সুনামগঞ্জে বাড়ছে

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজারে পানি কমলেও সুনামগঞ্জে বাড়ছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারে নদ-নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে সুনামগঞ্জে; সেখানে উজান থেকে নেমে আসা ঢল ও স্থানীয় বৃষ্টির কারণে হাওরাঞ্চলে পানি আবারও বাড়ছে। এতে একদিকে মৌলভীবাজারে কৃষকেরা সামান্য স্বস্তি পেলেও সুনামগঞ্জে বোরো ধান রক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে জেলার মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ী নদীর পানি বেড়েছিল। বৃহস্পতিবার থেকে পানি নামতে শুরু করলেও শুক্রবারের বৃষ্টিতে পুনরায় আশঙ্কার সৃষ্টি হয়েছে। তলিয়ে যাওয়া ধানক্ষেতগুলো ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকায় অনেক জায়গায় কৃষকেরা পানির নিচ থেকে ধান কাটার চেষ্টা করছেন। তবে জেলার হাওরাঞ্চল এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে।

সুনামগঞ্জে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি কমলেও উজান থেকে নেমে আসা ঢলে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকার বোরো ধান তলিয়ে গেছে। ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনরামের বৃষ্টির কারণে উজানের ঢল অব্যাহত থাকায় সুরমাসহ বিভিন্ন নদীর পানি বাড়ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কাটা ও শুকানো দুটোই কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের হাওরে এ পর্যন্ত হাজার হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়েছে। যদিও ধান কাটার কাজ চলমান রয়েছে, তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন কৃষকেরা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানে বৃষ্টি না কমলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন